ইস্তেখারা নামাজের নিয়ম
প্রশ্ন: ইস্তেখারা নামাজের নিয়ম কি
উত্তর: কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য অথবা একাধিক বিকল্পের মধ্য থেকে যে কোন একটি বেছে নেওয়ার জন্য ইস্তিখারা করতে হয়। ইস্তিখারা করা সুন্নত। হযরত রাসূল সা. আনাস রা. কে উদ্দেশ্য করে বলেছেন
يا أنس، إذا هممت بأمر فاستخر ربك فيه سبع مرات، ثم انظر إلى الذي يسبق إلى قلبك، فإن الخير فيه
হে আনাস! যখন তুমি কোনো কাজের ইচ্ছা করবে তখন তোমার প্রভুর নিকট ইস্তেখারা (কল্যাণ কামনা) করো। অতঃপর লক্ষ্য করো তোমার অন্তরে কী উদিত হয়, নিশ্চয় তার মধ্যে কল্যাণ আছে।
ইস্তেখারার নামাজ অন্য নামাজের মতই। নিয়ত করে দুই রাকাত নফল নামাজ পড়বে। সালাম ফিরানোর পর এই দোয়াটি পড়বে
اَللّٰهُمَّ إِنِّيْ أَسْتَخِیْرُكَ بِعِلْمِكَ ، وَ أَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَ أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِیْمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَ لاَ أَقْدِرُ، وَ تَعْلَمُ وَلاَ أَعْلَمُ ، وَ أَنْتَ عَلاَّمُ الْغُیُوْبِ اَللّٰهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هٰذَا الْأَمْرَ خَیْرٌ لِّيْ فِیْ دِیْنِيْ وَ مَعَاشِيْ وَ عَاقِبَةِ أَمْرِيْ وَ عَاجِلِهٖ وَ اٰجِلِه ، فَاقْدِرْهُ لِيْ، وَ یَسِّرْهُ لِيْ، ثُمَّ بَارِكْ لِيْ فِیْهِ وَ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هٰذَا الْأَمْرَ شَرٌ لِّيْ فِيْ دِیْنِيْ وَمَعَاشِيْ وَ عَاقِبَةِ أَمْرِيْ وَ عَاجِلِه وَ اٰجِلِه ، فَاصْرِفْهُ عَنِّيْ وَاصْرِفْنِيْ عَنْهُ، وَاقْدُرْ لِيَ الْخَیْرَ حَیْثُ كَانَ ثُمَّ أَرْضِنِيْ بِه
দুয়ার মধ্যে যখন هذا الأمر পর্যন্ত পৌঁছাবে তখন আরবি জানলে هذا الأمر-এর স্থলে ইস্তিখারার বিষয়টি আরবিতে বলবে। আরবি না জানলে هذا الأمر পর্যন্ত আসার পর মনে মনে প্রয়োজনের বিষয়টি সম্পর্কে কল্পনা করবে। ইস্তিখারার পর যেটা সঠিক মনে হবে সেটা করবে। যদি একবার করার পর অবস্থার পরিবর্তন না হয় তাহলে ৭ দিন পর্যন্ত আমল চালিয়ে যাবে। ইনশাআল্লাহ কল্যাণের ফায়সালা হবে।
সূত্র: ফাতাওয়া শামি, ২/২৬
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)