প্রশ্ন : কেউ যদি ২ রাকাতে ২ সূরার মাঝখানে এক সূরা ছেড়ে দেয়, যেমন প্রথম রাকাতে সূরা লাহাব পড়লো এবং দ্বিতীয় রাকাতে সূরা এখলাছ পড়লো তাহলে কী কোন সমস্যা আছে?
উত্তর: ফরজ নামাজে ২ রাকাতে ২ সূরার মাঝখানে ইচ্ছাকৃতভাবে ১ টি সূরা ছেড়ে দেওয়া মাকরুহে তানজিহী। যেমন কেউ প্রথম রাকাতে সূরা ফিল পড়লো, দ্বিতীয় রাকাতে পড়ল সূরা মাউন। তবে যদি একের অধিক সূরা ছেড়ে দেয় তাহলে সমস্যা নেই। যেমন প্রথম রাকাতে সূরা ফীল পড়ে দ্বিতীয় রাকাতে পড়ল সুরা কাউসার। তাহলে কোন সমস্যা হবে না।
রাসূল সা. সূরার তারতিব ঠিক রেখে নামাজ আদায় করতেন। রাসূল সা. কর্তৃক ফরজ নামাজে তারতিবের খেলাফ সূরা পড়ার কোন রেওয়াত পাওয়া যায় না। অবশ্য হজরত উমর রা. ও তাবেঈনদের মধ্যে কেউ কেউ ফরজ নামাজে তারতিবের খেলাফ সূরা পড়েছেন যার দ্বারা এর বৈধতা প্রমাণিত হয়।
সহীহ মুসলিমের বর্ণনায় আহনাফ বিন কায়েস রহ. বলেন, আমি হযরত উমর ফারুক রা. এর সাথে ফজর নামাজ পড়েছি। তিনি প্রথম রাকাতে সূরা কাহাফ ও দ্বিতীয় রাকাতে সুরা ইউসুফ পড়েছেন।
অধিক বিশুদ্ধ মত অনুযায়ী নফল নামাজে এই তারতিব রক্ষা করা জরুরি নয়।
বুখারী শরীফের বর্ণনায় হযরত হুযাইফা রা. থেকে বর্ণিত, তিনি বলেন একবার আমি তাহাজ্জুদ নামাজে রাসূল সা. এর পিছনে ইক্তিদা করলাম. তিনি প্রথম রাকাতে সূরা বাকারা, অতঃপর সূরা নিসা, অতঃপর সূরা আল-ইমরান পড়লেন।
সূত্র: ফাতাওয়া শামি, ১/৫৪৬
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)