প্রশ্ন: চেয়ারে বসে নামায পড়ার হুকুম বিস্তারিত জানতে চাই।
উত্তর: কয়েকটি সূরতে জমিনে বা চেয়ারে বসে নামাযের সুযোগ রয়েছে।
(ক) যদি অসুস্থতার কারণে দাঁড়াতে সক্ষম না হয়।
(খ) দাঁড়াতে সক্ষম কিন্তু জমিনে বসে সেজদা করতে সক্ষম নয়।
(গ) দাঁড়িয়ে নামায পড়লে অসুস্থতা বৃদ্ধির আশংকা।
(ঘ) দাঁড়িয়ে নামায পড়লে সুস্থতায় বিলম্বের আশংকা।
(ঙ) দাঁড়িয়ে নামায পড়লে যন্ত্রণা অসহনীয় মাত্রায় বৃদ্ধি পেতে পারে।
এসমস্ত অবস্থায় চেয়ারে বসে নামাজ পড়ার সুযোগ রয়েছে। অবশ্য সহনীয় পর্যায়ের কোনো সাধারণ ব্যাথা ও ছোটখাটো অসুস্থতার কারণে যমিনে অথবা চেয়ারে বসে ফরজ নামাজ পড়া জায়েজ হবে না।
(ক) কেউ যদি পূর্ণ সময় দাঁড়াতে সক্ষম না হলেও কিছু সময় দাঁড়াতে সক্ষম হয় এবং জমিনে সিজদা করতে পারে তাহলে তার জন্য ততটুকু সময় দাঁড়ানো ফরজ। যদিও কোনোকিছুতে ভর দিয়ে দাঁড়াতে হয়। অবশিষ্ট নামাজ জমিনে বা চেয়ারে বসে পড়তে পারবে।
(খ) যদি জমিনে সিজদা করতে সক্ষম না হয় তাহলে শুরু থেকেই জমিনে অথবা চেয়ারের উপর বসে নামাজ পড়তে পারবে। এমতাবস্থায় তার নামায ইশারার নামাজ গণ্য হবে। কেননা যে ব্যক্তি জমিনের উপর সিজদা করতে সক্ষম নয় তার জন্য দাঁড়ানোর সক্ষমতা সত্ত্বেও দাঁড়ানো ফরজ নয়। সে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ে – অবশিষ্ট নামাজ বসে পড়তে পারে অথবা ইচ্ছে হলে পূর্ণাঙ্গ নামাজই বসে পড়তে পারে। অবশ্য দ্বিতীয় অবস্থা অর্থাৎ পূর্ণাঙ্গ নামাজ বসে আদায় করা উত্তম হবে।
তার জন্য কোন সুনির্দিষ্ট ভঙ্গিতে বসা জরুরি নয়, যেভাবে সহজ লাগে সেভাবে বসে নামাজ পড়তে পারবে। অবশ্য চেয়ারে বসার চেয়ে জমিনের উপর বসা উত্তম হবে।
এমন ব্যক্তি স্বাভাবিক নিয়মেই হাত বাঁধবে। সেজদায় রুকুর থেকে একটু বেশি ঝুঁকবে। বৈঠকও যথানিয়মে করবে। অবশ্য যদি বৈঠকে দুজানু হয়ে বসতে সমস্যা হয় তাহলে যেভাবে সহজ হয় সেভাবে বসতে পারবে। এমনকি পা ছড়িয়েও বসার অনুমতি আছে।
সুতরাং যারা জমিনের উপর বসে নামাজ পড়তে সক্ষম তাদের উচিত জমিনে বসে নামাজ আদায় করা। যদি জমিনে বসে নামাজ পড়তে কষ্ট হয় তাহলে চেয়ারে বসেও পড়তে পারবে।
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)