প্রশ্ন : রমজান মাসে বিতর নামাজের পরে আমাদের মসজিদে অনেকে বসে ২ রাকাত নামাজ পড়ে। এ বিষয়টি কুরআন হাদিস দ্বারা প্রমাণিত আছে কিনা?
উত্তর: রমজান ও রমজানের বাইরে বিতর নামাজের পর বসে ২ রাকাত নামাজ পড়া জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকেও তা প্রমাণিত আছে।
সহীহ মুসলিমের বর্ণনায় আয়েশা রা. বলেন
كان يصلي ثلاث عشرة ركعة يصلي ثمان ركعات، ثم يوتر، ثم يصلي ركعتين وهو جالس
“নবীজি সা. ১৩ রাকাত নামাজ পড়তেন, তারপর বিতর পড়তেন, অতঃপর বসে ২ রাকাত নামাজ পড়তেন।” (হাদিস নং ৭৩৮)
নফল নামাজ বসে এবং দাঁড়িয়ে উভয় অবস্থায় পড়া যায়, কিন্তু দাঁড়িয়ে পড়লে সওয়াব দ্বিগুণ। নবীজী সা. বসে নামাজ পড়া সত্ত্বেও পূর্ণাঙ্গ সওয়াব পেতেন, কিন্তু অন্যরা অর্ধেক সওয়াবই পাবে। বিষয়টি নিম্নোক্ত হাদিসে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে।
সহীহ মুসলিমের অপর বর্ণনায় ইবনে ওমর রা. বলেন
قَالَ: حُدِّثْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: صَلاةُ الرَّجُلِ قَاعِدًا نِصْفُ الصَّلاةِ . قَالَ : فَأَتَيْتُهُ، فَوَجَدْتُهُ يُصَلِّي جَالِسًا، فَوَضَعْتُ يَدِي عَلَى رَأْسِهِ، فَقَالَ : مَا لَكَ يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو؟! قُلْتُ: حُدِّثْتُ يَا رَسُولَ اللَّهِ أَنَّكَ قُلْتَ: صَلاةُ الرَّجُلِ قَاعِدًا عَلَى نِصْفِ الصَّلاةِ، وَأَنْتَ تُصَلِّي قَاعِدًا! قَالَ : أَجَلْ، وَلَكِنِّي لَسْتُ كَأَحَدٍ مِنْكُمْ، قال النووي وأما قوله – صلى الله عليه وسلم: «لست كأحد منكم فهو عند أصحابنا من خصائص النبي – صلى الله عليه وسلم – فجعلت نافلته قاعدًا مع القدرة على القيام كنافلته قائمًا تشريفًا له
“আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, পুরুষ বসে নামাজ পড়লে অর্ধেক সওয়াব পাবে। তারপর একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসে নামাজ পড়তে দেখলাম। আমি তার মাথায় হাত রাখলাম (দৃষ্টি আকর্ষণের জন্য)। তিনি বললেন হে ইবনে ওমর! কী হয়েছে! আমি বললাম, আপনি বলেছেন পুরুষ বসে নামাজ পড়লে অর্ধেক সওয়াব পাবে অথচ আপনি বসে নামাজ পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ, তবে আমি তোমাদের মত নই। (হাদিস নং ৭৪৫)
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)