প্রশ্ন : আমাদের মসজিদে জুমার নামাজের সময় জায়গার সংকুলান হয় না। তাই আমরা বাধ্য হয়ে মসজিদের সামনের রাস্তায় দাঁড়াই। এমতাবস্থায় কখনো কখনো ২ কাতারের মধ্যখানে অনেক বেশি জায়গা ফাঁকা থাকে। আমার জানার বিষয় হল ২ কাতারের মাঝখানে কতটুকু জায়গা ফাঁকা থাকলে এক্তেদা বাতিল হয়ে যায়?
উত্তর: এক্ষেত্রে মসজিদের ভিতর ও মসজিদের বাইরের হুকুম ভিন্ন।
মসজিদের ভিতরের হুকুম: মসজিদের বারান্দা, ছাদ আঙ্গিনা ইত্যাদি মসজিদের ভেতরের হুকুমের আওতায়। মসজিদের ভিতরের হুকুম হলো ইমাম ও মুক্তাদির মাঝখানে অথবা মুক্তাদীদের পরস্পরের কাতারের মাঝখানে যদি দুই কাতার সমপরিমাণ বা ততোধিক জায়গা ফাঁকা থাকে তবু কোন সমস্যা নেই। তবে বিনা ওজরে এরকম করা মাকরূহে তাহরীমী। কিন্তু যদি কাতারের মধ্যখানে ৮ ফুট প্রশস্ত রাস্তা থাকে অথবা এমন খাল থাকে যেখানে ছোট ছোট নৌকা চলাচল করতে পারে তাহলে যারা পিছনে থাকবে তাদের এক্তেদা বাতিল হয়ে যাবে।
মসজিদের বাইরের হুকুম : জায়গার সংকুলান না হওয়ার কারণে যারা মসজিদের বাইরে দাঁড়াবে অথবা মাঠে-ঘাটে, রাস্তায়, ক্ষেত-খামারে কিংবা ঘরবাড়িতে জামাত করবে। তাদের কাতারের মাঝখানে যদি দুই কাতার সমপরিমাণ (প্রায় ৮ ফুট) দূরত্ব থাকে তাহলে এক্তেদা বাতিল হয়ে যাবে।
দুই কাতার সমপরিমাণ দূরত্বের অর্থ হল মধ্যখানে প্রতিবন্ধকতা না থাকলে দুইটি কাতার সেখানে দাঁড়াতে পারত।
অতএব আপনার প্রশ্নের উত্তর হলো যারা মসজিদের সামনের রাস্তায় নামাজ পড়ে তাদের কাতারগুলো যদি প্রায় আট ফুট দূরত্বে থাকে তাহলে এক্তেদা বাতিল হয়ে যাবে। উচিত হল ফাঁকা জায়গাটুকুতে অন্তত দু-চারজন দাঁড় করিয়ে ছোট্ট একটা কাতার তৈরি করে নেওয়া। তাহলে এক্তেদা করতে আর সমস্যা থাকবে না।
সূত্র: ফাতাওয়া আলমগীরী, ১/৮৭
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)