প্রশ্ন: যাকাত, ফিতরা ও কুরবানির মাসআলায় প্রয়োজনের অতিরিক্ত বলতে কী বোঝায়?
উত্তর: প্রয়োজনের অতিরিক্ত বলতে বোঝায় যা সাধারণ জীবনধারণের জন্য প্রয়োজন হয়, যেমন খাদ্য, বসবাসের ঘর, ঔষধ, প্রয়োজনীয় পোশাক ইত্যাদি। কিন্তু অনেকের একাধিক বাড়ি থাকে, অনেকের প্রচুর পোশাক থাকে, যার কোনো প্রয়োজন থাকে না।
ভবিষ্যতের জন্য রাখা ঘর উঠানোর টাকা, বিবাহের টাকা ইত্যাদিও শারঈ পরিভাষায় প্রয়োজনীয় গণ্য হবে না।
ঘরের ফার্নিচার (অতিরিক্ত না হলে), চলাচলের মোটরসাইকেল বা গাড়ি প্রয়োজনীয়। তবে সাজসজ্জার আসবাবপত্র প্রয়োজনীয় নয়।
অনেকে একাধিক মোটরসাইকেল বা গাড়ি রাখে, অথচ তার সেগুলো দরকার থাকে না, সেগুলো অপ্রয়োজনীয়ই।
পেশাজীবীদের আয়ের যন্ত্র, যেমন কৃষকের লাঙ্গল, কাঁচি, কাঠুরের কুড়াল, এছাড়া অটোরিকশা ইত্যাদি প্রয়োজনীয়।
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)