যাকাতের টাকা মসজিদ মাদ্রাসায় দেয়া যাবে কিনা

প্রশ্ন: যাকাতের টাকা মসজিদ মাদ্রাসায় দেয়া যাবে কিনা?

উত্তর: যাকাতের নির্দিষ্ট খাত রয়েছে। যার ভেতরে মসজিদ-মাদ্রাসা নেই। সুতরাং মসজিদ মাদ্রাসায় সরাসরি যাকাতের টাকা দেয়া যাবে না। তবে যাকাতের অন্যতম খাত ফকির মিসকিন। বর্তমানে অনেক দরিদ্র মানুষের সন্তান মাদ্রাসায় লেখাপড়া করে। এদেরকে যাকাতের টাকা দিলে সাধারণ দরিদ্রদের তুলনায় বেশি সওয়াব হবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে এমন মাদ্রাসায় দিতে হবে যাদের যাকাতের ফান্ড আলাদা এবং যারা যাকাত সংক্রান্ত মাসআলার উপর সতর্কতার সাথে আমল করে। এ ধরনের মাদ্রাসার যাকাত উত্তোলনকারীকে বিতরণের প্রতিনিধি বানিয়ে তার কাছে যাকাত দিবে। অর্থাৎ মাদ্রাসা কর্তৃপক্ষ হবে উকিল। খাত নয়। তারা দরিদ্র ছাত্রদের কাছে সেই টাকা পৌঁছে দিবে। তখন ছাত্র সেই টাকা দিয়ে মাদ্রাসার ভর্তি ফি, বেতন ইত্যাদি পরিশোধ করবে। ছাত্রের কাছ থেকে টাকা পাওয়ার পর মাদ্রাসা কর্তৃপক্ষ সেই টাকা দিয়ে ওস্তাদদের বেতন দিতে পারে কিংবা মাদ্রাসার নির্মাণ কাজ করতে পারে অথবা অন্য যে কোন কাজ করতে পারে। যদি ছাত্র নাবালেগ হয় তাহলে তার অভিভাবকের নিকট টাকা দিবে।

উল্লেখ্য, বর্তমানে কিছু মাদ্রাসায় যাকাতের টাকার ব্যাপারে অসতর্কতা লক্ষ্য করা যায়, এদেরকে যাকাতের টাকা দেয়া যাবে না।

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *