প্রশ্ন: সালাতুত তাসবিহ পড়ার নিয়ম কী?
উত্তর: সালাতুত তাসবিহ ৪ রাকাত বিশিষ্ট নামাজ। এই নামাজের সকল নিয়ম অন্যান্য নামাজের মতই। পার্থক্য হলো এই নামাজে প্রত্যেক রাকাতে ৭৫ বার سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر তাসবিহটি পাঠ করতে হয়।
এই নামাজ পড়ার দুটি নিয়ম রয়েছে।
এক: প্রথমে নিয়ত করবে, অতঃপর হাত বেঁধে ছানা পড়বে, অতঃপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সুরা ফাতেহা পড়বে এবং অন্য আরেকটি সূরা মিলাবে। অতঃপর ১৫ বার তাসবিহ পড়বে, অতঃপর রুকুতে গিয়ে سبحان ربي العظيم তিনবার পড়ার পর ১০ বার তাসবিহ পড়বে। অতঃপর রুকু থেকে উঠে ربنا لك الحمد বলে দশবার তাসবিহ পড়বে, অতঃপর সেজদায় তিনবার سبحان ربي الاعلى পড়ে দশবার তাসবিহ পড়বে। দুই সিজদার মাঝখানে বসে দশবার তাসবিহ পড়বে। দ্বিতীয় সিজদায় একইভাবে ১০ বার পড়বে। দ্বিতীয় সেজদা থেকে উঠে বসে দশবার পড়বে। অতঃপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে । প্রথম রাকাতে ৭৫ বার হলো। বাকি তিন রাকাত এভাবেই পড়বে। এভাবে চার রাকাতে মোট ৩০০ বার তাসবিহ পড়া হবে। দ্বিতীয় এবং চতুর্থ রাকাতে বৈঠকে এই তাসবিহ আত্তাহিয়্যাতু পড়ার পর পড়বে।
দুই: আরেকটি পদ্ধতি হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে। তা হলো সানা পড়ার পর ১৫ বার তাসবিহ পড়বে, অতঃপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সুরা ফাতেহা এবং অন্য সূরা পড়ে রুকুর পূর্বে ১০ বার পড়বে। বাকি নিয়ম প্রথম নিয়মের মতই। কিন্তু এখানে দ্বিতীয় সিজদার পর আর তাসবিহ পাঠ করতে হবে না। কারণ ইতোমধ্যে ৭৫ পূর্ণ হয়ে যাবে। কোন কোন আলেম দ্বিতীয় পদ্ধতিকে উত্তম বলেছেন জলসায়ে ইস্তিরাহাত না থাকার কারণে।
সূত্র: মুস্তাদরাকে হাকেম, ১/৪৬৪, তিরমিজি ২/৩৪৭, ইবনে মাজাহ ১/৪৪১, আবু দাউদ ২/২৯, ফাতাওয়া শামী ২/২৭
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)