প্রশ্ন: পানির ট্যাংকি বা জলাশয়ে নাপাকি পতিত হলে তা কীভাবে পবিত্র করবে?
উত্তর: নাপাকি দৃশ্যমান হয়ে থাকলে তুলে ফেলে দিবে। তারপর সকল পানি বের করে ট্যাংকি ধুয়ে ফেলবে। আর যদি ট্যাংকি খালি করা সম্ভব না হয় (যেমন নিচ থেকে সর্বদা পানি উঠতে থাকে অথবা খালি হওয়ার সাথে সাথে আবার পূরণ হয়ে যায়) অথবা ধোয়ার মতো পরিস্থিতি না থাকে তাহলে অনুমান করে ততটুকু পানি উঠিয়ে ফেলবে যতটুকু নাপাকি পড়ার সময় বিদ্যমান ছিল।
অথবা মোটর ছেড়ে একদিক থেকে পানি প্রবেশ করাবে এবং অপর দিক থেকে বের করতে থাকবে। এই প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে ট্যাংকি পবিত্র ধরা হবে। কেননা তা প্রবাহিত পানির হুকুমে চলে যাবে। এবং পানি বের হওয়া শুরু হলে এই সন্দেহ সৃষ্টি হবে যে, নাপাকি সেই পানির সাথে বেরিয়ে গিয়েছে কিনা? আর সন্দিগ্ধ অবস্থায় নাপাকির হুকুম বাকি থাকবে না।
আর যদি দৃশ্যমান নাপাকি তুলে ফেলা সম্ভব না হয় তাহলে ছোট জলাশয়ের ক্ষেত্রে যতদিন নাপাকি বিলীন না হয়ে যায় ততদিন অপেক্ষা করবে। তারপর উপরুক্ত পদ্ধতিতে পবিত্র করবে।
বড় জলাশয়ের ক্ষেত্রে পানির বৈশিষ্ট্য ঠিক থাকলে ওই পানি নাপাক গণ্য হবে না। কিন্তু নাপাকির কারণে পানির বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে গেলে নাপাকি বিলীন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে। এরপর উপরুক্ত পদ্ধতিতে পবিত্র করবে।
অল্প পানি ও বেশি পানি সম্পর্কে জানতে পড়ুন https://f.tadris.org/1825/
সূত্র: ফাতাওয়ায়ে শামী ১/১৯৫ আল বাহরুর রায়িক ১/৭৮, ফাতাওয়ায়ে আলমগীরী ১/২১২
هذا مني وإنما العلم عند الله
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)