প্রশ্ন : দিবারাত্রির কোন কোন সময় নামাজ পড়া যাবে না?
উত্তর: কিছু সময় রয়েছে যখন সকল নামাজই পড়া নাজায়েয। আর কিছু সময় রয়েছে যখন নফল নামাজ পড়া মাকরুহ, কিন্তু কাজা নামাজ, জানাজার নামাজ ও তিলাওয়াতের সিজদা করা বৈধ।
সহীহ মুসলিমের বর্ণানায় হযরত উকবা বিন আমের রা. বলেন, “রাসুল সা. আমাদের ৩ সময়ে নামাজ পড়তে নিষেধ করেছেন। সূর্যোদয়ের সময়, সূর্যাস্তের সময় ও সূর্য ঠিক মধ্যগগনে থাকাকালীন।”
সুতরাং এই ৩ সময়ে ফরজ, ওয়াজিব, নফল সব ধরনের নামাজ পড়া নাজায়েয। চাই আদা হোক বা কাজা, জানাজার নামাজ কিংবা তিলাওয়াতের সিজদা। শুধুমাত্র সূর্যাস্তের সময় ঐদিনের আসর নামাজ না পড়ে থাকলে পড়ে নিবে, যদিও বিনা ওজরে এমনটা গুনাহর কাজ।
সুবহে সাদিক উদিত হওয়ার পর থেকে ফজরের ফরজ আদায় করা পর্যন্ত (ফজরের সুন্নত ব্যতিত), ফজরের নামায আদায়ের পর থেকে সূর্যোদয় পর্যন্ত ও আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত নফল নামাজ পড়া মাকরুহ। এই ৩ সময়ে কাজা নামাজ, জানাযা ও তিলাওয়াতের সিজদা করা যাবে।
উল্লেখ্য, সূর্যোদয় মানে হল সূর্যের কিনারা উদিত হওয়া থেকে নিয়ে চোখ ধাঁধিয়ে দেওয়া পর্যন্ত, যার সময় প্রায় ২০ মিনিট। অনুরূপ সূর্যাস্ত মানে হল সূর্যকিরণ নিস্তেজ হওয়া থেকে নিয়ে পুরোপুরি অস্ত যাওয়া পর্যন্ত, এর সময়ও প্রায় ২০ মিনিট।
(সহীহ মুসলিম, হাদিস নং ১৩১, বাহারে শরীয়ত ১/৪৫৪,)
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)