প্রশ্ন: এক ব্যক্তি এমন এক মহিলাকে বিবাহ করে, যে পূর্বের স্বামীর ইদ্দত পালন করছিল। পরে তারা জানতে পারে যে, এই বিবাহ শুদ্ধ হয়নি। এমতাবস্থায় করণীয় কী? দ্বিতীয় বিবাহের ইদ্দত পালন করতে হবে কিনা? করলে কিভাবে করবে?
উত্তর: ইদ্দত চলাকালীন বিবাহ করায় তাদের বিবাহ শুদ্ধ হয়নি। অতএব তাদের তাৎক্ষণিকভাবে আলাদা হয়ে যেতে হবে। আলাদা হওয়ার পর নারীকে দ্বিতীয় বিয়ের ইদ্দত পালন করতে হবে কিনা এ বিষয়ে মতভেদ আছে। মুফতি ইউসুফ লুধিয়ানভী র.এর মতে দ্বিতীয় বিবাহের ইদ্দতও পালন করতে হবে। এক্ষেত্রে দুই ইদ্দতের হিশেব একত্রে চলমান থাকবে । এমন নয় যে, এক ইদ্দত শেষ হওয়ার পর অপর ইদ্দতের গণনা শুরু হবে।
যদি দ্বিতীয় স্বামী পুনরায় তাকে সহীহ পদ্ধতিতে বিবাহ করতে চায় তাহলে প্রথম ইদ্দত শেষ হওয়ার পরই করতে পারবে। কিন্তু যদি অন্য কোন পুরুষের সাথে ওই নারীর বিবাহ দেওয়া হয় তাহলে দ্বিতীয় ইদ্দত শেষ করার পরই বিবাহ দিতে হবে।
সূত্র: ফাতাওয়ায়ে শামী ৩/১১৩
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)