প্রশ্ন : আমরা জানি সূরা আলাকের শেষ আয়াতে সেজদা রয়েছে। এখানে সেজদার নিয়ম কী?
উত্তর : শেষ আয়াতে সেজদা থাকলে তা আদায় করার নিয়ম হলো সেজদার আয়াত পড়ে তৎক্ষণাৎ সেজদায় চলে যাবে। অতঃপর উঠে সামনে আরো কিছু আয়াত পড়ে রুকুতে যাবে।
যদি একাকী নামায আদায়কারী হয় তাহলে আরো একটি পদ্ধতি অবলম্বন করতে পারবে, তা হলো সেজদার আয়াত পড়ে তৎক্ষণাৎ রুকুতে যাবে এবং রুকুতে সেজদায়ে তেলাওয়াতের নিয়ত করবে।
দ্বিতীয় পদ্ধতিটি জামাতের নামাজে অবলম্বন করা ঠিক হবে না। কেননা এ ক্ষেত্রে ইমামের সেজদা আদায় হলেও মুক্তাদির সেজদা বাকি থেকে যাবে। ইমামের নিয়ত মুক্তাদির পক্ষ থেকে যথেষ্ট হবে না।ইমাম যদি এই পদ্ধতি অবলম্বন করে তাহলে সালাম ফেরানোর পর মুক্তাদী তৎক্ষণাৎ একটি সেজদা করে পুনরায় তাশাহুদ, দুরুদ শরীফ ও দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবে।
সুতরাং প্রশ্নে উল্লেখিত অবস্থায় উত্তম হলো সূরা আলাক শেষ করে সেজদা দিবে অতঃপর উঠে সূরা কদর পড়ে রুকুতে যাবে।
যদি সিজদা থেকে উঠে তৎক্ষণাৎ আবার রুকুতে যায় তবুও কোন সমস্যা নেই।
সূত্র: ফাতাওয়া আলমগীরী ১/১৩৩
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)