ঈদের নামাজ পড়ার পদ্ধতি 

প্রশ্ন : ঈদের নামাজ পড়ার পদ্ধতি জানতে চাই 

উত্তর:  প্রথমে নিয়ত করে তাকবীরে তাহরীমা বলে হাত বাঁধবে এবং সানা পড়বে। অতঃপর তিনটি তাকবীর দিবে, প্রথম ২ বার হাত কানের লতি পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিবে, তৃতীয়বার হাত বাঁধবে। অতঃপর ইমাম সাহেব উচ্চস্বরে সূরা ফাতেহা ও অন্য সূরার পূর্ণাঙ্গ বা অংশবিশেষ তেলাওয়াত করবে। এরপর অন্য নামাজের মত রুকু সিজদা করে দ্বিতীয় রাকাতের জন্যে উঠে দাঁড়াবে। প্রথম রাকাতে মোট তাকবীর হলো। একটি তাকবীরে তাহরীমা, একটি রুকুর তাকবীর, তিনটি অতিরিক্ত তাকবীর।

দ্বিতীয় রাকাতের শুরুতে ইমাম সাহেব উচ্চস্বরে সূরা ফাতেহা এবং অন্য সুরা পূর্ণাঙ্গ বা অংশবিশেষ তেলাওয়াত করবে। অতঃপর  চারটি তাকবীর দিবে, প্রথম তিনবার কানের লতি পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দিবে, চতুর্থবার হাত না উঠিয়ে রুকুতে যাবে। এখানে মোট চারটি তাকবীর হলো। প্রথম তিনটি অতিরিক্ত তাকবীর এবং পরেরটি রুকুর তাকবীর। এরপর অন্যান্য নামাজের মত রুকু-সেজদা, বৈঠক করে সালাম ফিরাবে। 

নামাজ শেষ হওয়ার পর ২ টি খুতবা দিবে। দুই খুতবার মাঝখানে সামান্য সময় বসবে। উভয় খুতবার শুরু-শেষ সহ বিভিন্ন অংশে তাকবীর পাঠ করবে। ঈদুল ফিতর-এর তুলনায় ঈদুল আজহার খুতবায় তাকবীর বেশি পড়বে।

ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজের পদ্ধতি একই। ঈদের নামাযে আযান ইকামত নেই।

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *