প্রশ্ন: কুরবানী পশুর কান কতটুকু কাটা থাকলে কুরবানী সহিহ হবে না?
উত্তর: এ বিষয়ে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ থেকে চারটি বর্ণনা রয়েছে। যার মধ্যে ইমাম ইবনে আবেদিন শামী যে মতটিকে প্রাধান্য দিয়েছেন সেটি হল, এক-তৃতীয়াংশের বেশি কাটা থাকা। অর্থাৎ কান এক-তৃতীয়াংশের বেশি কাটা থাকলে কুরবানী সহিহ হবে না। আর যদি অর্ধেকের বেশি কাটা থাকে তাহলে কারো মতেই সহিহ হবে না।
আলী রা. বলেছেন
نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُضَحَّى بِعَضْبَاءِ الْقَرْنِ وَالْأُذُنِ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানকাটা ও শিং-উপড়ানো জন্তু দিয়ে কুরবানী দিতে নিষেধ করেছেন। (মুসনাদে আহমাদ ৬৩৩, হাসান)
ইমাম আবু হানিফা ও আহমাদ বিন হাম্বলের মতে কানের ক্ষেত্রে عضباء শব্দের অর্থ যার এক তৃতীয়াংশ কাটা, আর ইমাম আবু ইউসুফ ও মুহাম্মাদের মতে অর্ধেক কাটা।
শিংয়ের ক্ষেত্রে অর্থ হলো গোড়া থেকে উপড়ে যাওয়া
আলী রা. বলেন বলেন
أَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ نَسْتَشْرِفَ الْعَيْنَيْنِ وَالأُذُنَيْنِ
রাসূল সা. আমাদেরকে আদেশ করেছেন, আমরা যেন কুরবানীর পশুর (কেনার সময়) দুই চোখ ও দুই কান – ভালভাবে দেখে নেই। (তিরমিজি ১৫০৩, হাসান)
সূত্র: ফাতাওয়া শামী ৬/৩২৩, ৩২৪
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)