কুরবানীর পশু শোয়ানোর নিয়ম 

প্রশ্ন : কুরবানীর পশু কোন দিকে ফিরিয়ে শোয়াতে হয়? 

উত্তর: কুরবানীর পশুর মাথার দিক দক্ষিণে রেখে বাম কাতে শুইয়ে কুরবানী করবে।

অবশ্য এর বিপরীত – অর্থাৎ মাথার দিক উত্তরে ও লেজের দিক দক্ষিণে রেখে – শোয়ানোও জায়েয। 

উভয় অবস্থায় পশুর পেটের দিক অর্থাৎ পাগুলো কিবলার দিকে থাকতে হবে, অন্যথায় মাকরুহে তাহরীমী হবে। জবাইকারী পশুর পিছনে দাঁড়িয়ে কিবলার দিকে ফিরে জবাই করবে।

আল মুগনীতে (৩/২২১) এসেছে, “বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে যে, ইবনে ওমর রা. কিবলা ব্যতীত অন্যদিকে ফিরিয়ে জবাইকৃত পশু খেতে অপছন্দ করতেন।”

জাবির রা. বলেন
ذَبَحَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الذَّبْحِ كَبْشَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ مُوجَأَيْنِ، فَلَمَّا وَجَّهَهُمَا…
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানীর দিন দু’টি ধূসর বর্ণের শিংবিশিষ্ট ও খাসী করা দুম্বা যবাহ করেন। তিনি দুম্বা দু’টিকে কিবলাহমুখী করে শুইয়ে বলেন…. (আবু দাউদ ২৭৯৫, মুহাম্মাদ বিন ইসহাক ও ইসমাঈল বিন আইয়াশের কারণে এর সনদ দূর্বল, তবে শাহেদ থাকার কারণে হাদিসটি সহীহ)

রাসূল সা. বলেছেন
ضحوا وطيبوا بها أنفسكم، فإنه ليس من مسلم يوجه ضحيته إلى القبلة إلا كان دمها وفرثها وصوفها حسنات محضرات في ميزانه يوم القيامة
কুরবানী করো এবং তার মাধ্যমে নিজেদের চিত্তকে বিনোদিত করো। যখন কোন মুসলিম তার পশুকে কিবলার দিকে ফিরিয়ে জবাই করে তার রক্ত, গোবর ও পশম উপস্থিত করে কিয়ামতের দিন মিযানের পাল্লায় রাখা হবে। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক ৪/৩৮৮, হাদিসটিকে কেউ কেউ অত্যন্ত দূর্বল বলেছেন)

সূত্র: ফাতাওয়া শামি ৯/৪২৭

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *