প্রশ্ন : যদি কুরবানীর পশু ক্রয় করার পর অসুস্থ হয়ে পড়ে, তাহলে সেটি বিক্রি করে অন্য পশু ক্রয় করা বৈধ হবে কি?
উত্তর: যে ব্যক্তি কুরবানীর জন্য পশু ক্রয় করেছে তার ওপর যদি নিসাব পরিমাণ সম্পদ থাকার কারণে কুরবানী ওয়াজিব হয়ে থাকে তাহলে হুকুম হলো, (এক) যদি অসুস্থতার কারণে পশু এমন ত্রুটিযুক্ত হয় যার কারণে সে আর কুরবানীর উপযুক্ত থাকে না তাহলে তাকে উক্ত ত্রুটিযুক্ত পশুর স্থলে অন্য আরেকটি পশু কুরবানী করতে হবে, (দুই) যদি পশু এত বেশি অসুস্থ না হয় যার কারণে তাকে ত্রুটিযুক্ত বলা যায় তাহলে নতুন পশু ক্রয় করা জরুরি হবে না, তবে জায়েয হবে।
দ্বিতীয় সূরতে পূর্বের পশু বিক্রি করা অনুচিত হবে, কেননা তা অসুস্থ হওয়া সত্ত্বেও কুরবানীর উপযুক্ত।
এবং উভয় সূরতে খেয়াল রাখতে হবে যে, দ্বিতীয় পশুটি যেন প্রথম পশুর চেয়ে কম মূল্যের না হয়। যদি দ্বিতীয় পশু প্রথম পশুর চেয়ে কম দামে ক্রয় করা হয় তাহলে উভয় পশুর মূল্যের ব্যবধান পরিমাণ টাকা সদকা করতে হবে।
পক্ষান্তরে এমন কেউ যদি কুরবানীর উদ্দেশ্যে পশু ক্রয় করে যে দরিদ্র অর্থাৎ যার নিসাব পরিমাণ সম্পদ নেই, অতঃপর সেটা অসুস্থ হয়ে ত্রুটিযুক্ত হয়ে পড়ে তাহলে তার জন্য এই পশু বিক্রয় করে অন্য পশু ক্রয় করা বৈধ হবে না, বরং তাকে এই পশুই কুরবানী করতে হবে।
সূত্র: ফাতাওয়া আলমগীরী ৫/২৯৪
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)