প্রশ্ন: বর্তমানে উচ্চমূল্যে পশু ক্রয় করা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এজন্য কিছু ব্যবসায়ী অত্যন্ত বিলাসিতার সাথে পশু লালন-পালন করে এবং অত্যন্ত উঁচু দরে বিক্রি করে। অথচ এসব বাহ্যিক সৌন্দর্যের দিকে লক্ষ্য না করে মাঝারি সাইজের সাধারণ পশু ক্রয় করলে গরিবদের বেশি ফায়দা হতো। এ ব্যাপারে ইসলাম কী বলে?
উত্তর: কুরবানীর দিনগুলোতে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো কুরবানীর পশুর রক্ত প্রবাহিত করা।
রাসূল সা. বলেছেন
ما تقرب إلى الله – تعالى – يوم النحر بشيء هو أحب إلى الله – تعالى – من إهراق الدم
কুরবানীর দিন আল্লাহ তাআলার সবচেয়ে নৈকট্য লাভ করা যায় যে আমল দিয়ে – এবং সেটি আল্লাহতালার কাছে সর্বাধিক প্রিয় – তা হচ্ছে রক্ত প্রবাহিত করা। (হাকেম ৭৫৯৮, হাদিসটিকে সহিহ বলা হয়েছে)
সুতরাং যত বেশি পশু কুরবানী হবে ততো বেশি রক্ত প্রবাহিত হবে।
সাথে এও মনে রাখতে হবে, সুন্দর পশু কুরবানীর জন্য অধিক টাকা খরচ করাও উত্তম কাজ। ফুক্বাহায়ে কেরাম লিখেছেন, কুরবানির পশু অধিক গোশত সম্পন্ন, নিখুঁত ও দেখতে সুন্দর হওয়া উত্তম। এ কারণেই অন্ধ, খোঁড়া, অত্যধিক রুগ্ন পশু দিয়ে কুরবানী সহিহ হয় না।
আবুল আসওয়াদ আস সুলামী তার পিতা থেকে, এবং তিনি তার পিতা থেকে বর্ণনা করেন যে,
كنت سابع سبعة مع رسول الله – صلى الله عليه وآله وسلم – في سفره فأدركنا الأضحى فأمرنا رسول الله – صلى الله عليه وآله وسلم – فجمع كل رجل منا درهما فاشترينا أضحية بسبعة دراهم ، وقلنا : يا رسول الله ، لقد غلينا بها ، فقال : ” إن أفضل الضحايا أغلاها وأسمنها
আমরা সাতজন রাসুল সা. এর সঙ্গে এক সফরে ছিলাম। এর মধ্যেই ঈদুল আজহা চলে আসে। রাসুল সা. আমাদেরকে কুরবানীর আদেশ দিলেন। আমাদের মধ্যে প্রত্যেকে এক দিরহাম করে দিল। মোট সাত দিরহাম দিয়ে একটি পশু কিনলাম। আমরা বললাম ইয়া রাসুলাল্লাহ! আমাদের পশুটির দাম বেশি পড়েছে। তিনি বললেন, নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ কুরবানীর পশু হলো যার মূল্য অধিক এবং মোটাতাজা। (মুস্তাদরাকে হাকিম ৭৬৩৫)
আয়েশা রা. ও আবু হুরাইরা রা. থেকে সহিহ সূত্রে ইবনে মাজাহ-তে (৩১২২) এসেছে
أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا أَرَادَ أَنْ يُضَحِّيَ اشْتَرَى كَبْشَيْنِ عَظِيمَيْنِ سَمِينَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ مَوْجُوءَيْنِ
‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানী দিতে ইচ্ছা করলেন তখন দুটো দুম্বা ক্রয় করলেন। যা ছিল বড়, হৃষ্টপুষ্ট, শিং ওয়ালা, সাদা-কালো বর্ণের এবং খাসি।
আবুল আসওয়াদ আস সুলামীর হাদিসে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য এসেছে, যে মূল্যবান এবং মোটাতাজা পশু সর্বশ্রেষ্ঠ। আর রক্ত প্রবাহ দ্বারা উদ্দেশ্য কুরবানী করা, যা এখানে তো রয়েছেই।
সুতরাং এই দুর্বল লেখক এর কাছে মনে হচ্ছে মূল্যবান ও মোটাতাজা পশু কুরবানী করা বেশি সওয়াবের কাজ। তবে সে মূল্য হতে হবে যৌক্তিক। বর্তমান সময়ে নানান অযৌক্তিক কারণ দেখিয়ে যে পশু অধিক মূল্যে ক্রয় করা হচ্ছে তা সমর্থনযোগ্য নয়। পাশাপাশি মাঝারি মানের একাধিক পশু কোরবানি করাও উত্তম কাজ। সুতরাং পরিস্থিতি বুঝে এটিও করা যেতে পারে।
সর্বোপরি মনে রাখতে হবে, কুরবানী হতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ; যদি লোকদেখানোর জন্য হয় তাহলে সংখ্যায় অধিক হোক অথবা স্বাস্থ্য সুন্দর হোক কুরবানী সহিহ হবে না। বরং গোনাহগার হবে।
সূরা হজ্জে এসেছে (৩৭)
لَن يَنَالَ ٱللَّهَ لُحُومُهَا وَلَا دِمَآؤُهَا وَلَٰكِن يَنَالُهُ ٱلتَّقْوَىٰ مِنكُمْۚ
আল্লাহ্র কাছে পৌঁছায় না সেগুলোর গোশত এবং রক্ত, বরং তাঁর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া।
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম