আক্রমণাত্মক পশু গুলি করে মেরে খাওয়া যাবে কিনা

প্রশ্ন: কুরবানীর পশু যদি আক্রমণাত্মক হয় তাহলে গুলি করে মারা যাবে কিনা? এবং সেটি খাওয়া জায়েজ হবে কিনা?

উত্তর: আক্রমণাত্মক হওয়ার কারণে পশুকে গুলি করা যাবে না। বর্তমানে এমন অনেক মানুষ রয়েছে যারা কৌশল অবলম্বন করে বড় বড় আক্রমণাত্মক পশু কাবু করে ফেলে। আপনি এমন কারো সহায়তা নিন। বিনা কারণে পশুকে কষ্ট দেওয়া জায়েয নেই।

রাসূল সা. বলেছেন
إِنَّ اللَّهَ كَتَبَ الإِحْسَانَ عَلَى كُلِّ شَىْءٍ فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا الْقِتْلَةَ وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحَ وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ فَلْيُرِحْ ذَبِيحَتَهُ

আল্লাহ তা’আলা প্রত্যেক বিষয়ে তোমাদের উপর ইহসান অত্যাবশ্যক করেছেন। অতএব তোমরা যখন হত্যা করবে, দয়ার্দ্রতার সঙ্গে হত্যা করবে; আর যখন জবাই করবে তখন দয়ার সঙ্গে করবে। তোমাদের সবাই যেন ছুরি ধারালো করে নেয় এবং তার জবাইকৃত জন্তুকে কষ্টে না ফেলে। (বুখারি ৪৯৪৯)

তবে যদি কোন পশু ছুটে যায় এবং চেষ্টা করার পরও ধরা সম্ভব না হয়। কিংবা মানুষের জান ঝুঁকির মধ্যে পড়ে যায় সেক্ষেত্রে গুলি করা যাবে।

রাফি বিন খাদিজ রা. বলেন
وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي أُخْرَيَاتِ الْقَوْمِ فَعَجِلُوا وَذَبَحُوا وَنَصَبُوا الْقُدُورَ فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْقُدُورِ فَأُكْفِئَتْ ثُمَّ قَسَمَ فَعَدَلَ عَشَرَةً مِنْ الْغَنَمِ بِبَعِيرٍ فَنَدَّ مِنْهَا بَعِيرٌ فَطَلَبُوهُ فَأَعْيَاهُمْ وَكَانَ فِي الْقَوْمِ خَيْلٌ يَسِيرَةٌ فَأَهْوَى رَجُلٌ مِنْهُمْ بِسَهْمٍ فَحَبَسَهُ اللهُ ثُمَّ قَالَ إِنَّ لِهَذِهِ الْبَهَائِمِ أَوَابِدَ كَأَوَابِدِ الْوَحْشِ فَمَا غَلَبَكُمْ مِنْهَا فَاصْنَعُوا بِهِ هَكَذَا
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলের পিছনে ছিলেন। তারা তাড়াহুড়া করে গনীমতের মাল বণ্টনের পূর্বে সেগুলোকে জবাই করে পাত্রে চড়িয়ে দিলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নির্দেশে পাত্র উলটিয়ে ফেলা হল। তারপর তিনি (গনীমতের মাল) বণ্টন শুরু করলেন। তিনি একটি উটের সমান দশটি বকরী নির্ধারণ করেন। হঠাৎ একটি উট পালিয়ে গেল। সাহাবীগণ উটকে ধরার জন্য ছুটলেন, কিন্তু উটটি তাঁদেরকে ক্লান্ত করে ছাড়ল। সে সময় তাঁদের নিকট অল্প সংখ্যক ঘোড়া ছিল। অবশেষে তাঁদের মধ্যে একজন সেটির প্রতি তীর ছুড়লেন। তখন আল্লাহ উটটাকে থামিয়ে দিলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই পলায়নপর বন্য জন্তুদের মতো এ সকল চতুষ্পদ জন্তুর মধ্যে কতক পলায়নপর হয়ে থাকে। কাজেই যদি এসব জন্তুর কোনটা তোমাদের উপর প্রবল হয়ে উঠে তবে তার সাথে এরূপ করবে।

গুলি করলে পশু মারা যাওয়ার পূর্বেই শারঈ পদ্ধতিতে জবাই করতে হবে। জবাই করার পূর্বে পশু মারা গেলে তার গোশত হালাল হবে না।

উল্লেখ্য, তীর আর বুলেটের মাসআলা এক নয়। কেননা তীর ধারালো হয় আর বুলেট সাধারণত ধারালো হয় না।

সূত্র: ফাতাওয়া রহিমিয়া ১০/৬৮

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *